প্রথমবার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলতে নেমেই ইতিহাস গড়েছে চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব। তিন ম্যাচ হাতে রেখেই শীর্ষ লিগে খেলা নিশ্চিত করেছে বন্দরনগরীর দলটি, যা তাদের দুর্দান্ত মৌসুমেরই প্রতিফলন।
গতকাল বুধবার চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে থাকা নিশ্চিত করেছে চট্টগ্রাম সিটি। ফলে আগামী মৌসুমে দেশের শীর্ষ প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে দেখা যাবে দলটিকে।
১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে চট্টগ্রাম সিটি। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী সিটি ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্সের পয়েন্ট যথাক্রমে ২৭ ও ২৩, যদিও তারা একটি করে ম্যাচ কম খেলেছে। আজ ফিরতি লেগে মুখোমুখি হবে এই দুই দল। ম্যাচটি সিটি ক্লাবের জন্য ব্যবধান বাড়ানোর সুযোগ, আর ওয়ান্ডারার্সের জন্য চাপ বাড়ানোর লড়াই।
এবারের আসরে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে চট্টগ্রাম সিটি। বাকি ম্যাচগুলোতে কোনো অঘটন না ঘটলে শিরোপাও জিতে নিতে পারে দলটি।
দলের এই সাফল্যের পেছনে সমন্বিত পারফরম্যান্সকেই বড় কারণ হিসেবে দেখছেন ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য পূরণ হয়েছে। দলীয় নৈপুণ্যের ফলই আমরা পেয়েছি।”
শীর্ষ লিগে জায়গা নিশ্চিত হওয়ার পর শক্তিশালী দল গঠনের পরিকল্পনাও রয়েছে ক্লাবটির। নাজিম উদ্দিন জানান, “ম্যানেজমেন্ট ইতোমধ্যে বড় বাজেটের দল গঠনের বিষয়ে আলোচনা শুরু করেছে। চট্টগ্রামের একটি দল আবারও দেশের শীর্ষ ফুটবলে প্রতিনিধিত্ব করবে—এতে স্থানীয় সমর্থকদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস ও গর্ব।”




