উজ্জীবিত ফুটবল খেলেও শেষ পর্যন্ত শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষে কোনো চমক দেখাতে পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল। বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা না পেয়ে ৪–০ ব্যবধানে হেরে নারী এশিয়ান কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পিটার জেমস বাটলারের শিষ্যরা।
পার্থ রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে সোমবার গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে উজবেকিস্তানের কাছে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। তিন ম্যাচেই পরাজয়ে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন অধরাই থেকে যায়। চার দলের গ্রুপে তলানিতে থেকে আসর শেষ করেছে দলটি।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের পাশাপাশি তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দুই দল উঠবে কোয়ার্টার ফাইনালে। আগের দুই ম্যাচ হেরে আসায় বাংলাদেশ ও উজবেকিস্তান—দুই দলের সামনেই জয়ের বিকল্প ছিল না। দারুণ জয়ে সেই আশা বাঁচিয়ে রেখেছে উজবেকিস্তান, কিন্তু পারেনি বাংলাদেশ।
ফিফা র্যাঙ্কিংয়ে ১১২তম স্থানে থাকা বাংলাদেশ এবারের আসরে তিন ম্যাচে ১১ গোল হজম করেছে। কোনো ম্যাচেই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি মেয়েরা। প্রথম ম্যাচে নয়বারের চ্যাম্পিয়ন চীনের কাছে ২–০ এবং দ্বিতীয় ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার কাছে ৫–০ গোলে হেরেছিল দল।
উজবেকিস্তান ম্যাচে একাদশে দুটি পরিবর্তন আনেন কোচ পিটার জেমস বাটলার। উত্তর কোরিয়ার বিপক্ষে খেলা নবীরন খাতুন ও শামসুন্নাহার জুনিয়রের জায়গায় সুযোগ পান আনিকা রানিয়া সিদ্দিকী ও শিউলি আজিম।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে উজবেকিস্তান। দুই উইং দিয়ে চাপ তৈরি করতে থাকে বাংলাদেশের রক্ষণে। পঞ্চম মিনিটে লুদমিলা কারাচিকের শট দারুণ দক্ষতায় ঠেকান গোলকিপার মিলি আক্তার। তবে দশম মিনিটে আর রক্ষা হয়নি। নিলুফার কুদরাতোভার থ্রু পাস থেকে দিয়োরাখোন খাবিবুল্লায়েভা কোণাকুণি শটে উজবেকিস্তানকে এগিয়ে দেন।
গোল হজমের পর পাল্টা আক্রমণে যায় বাংলাদেশ। ৩০তম মিনিটে ঋতুপর্ণা চাকমার দারুণ শট উজবেক গোলকিপারের অসাধারণ সেভে রক্ষা পায় দলটি। প্রথমার্ধের শেষ দিকে তহুরা খাতুন ও কোহাতি কিসকুর সুযোগ থেকেও গোল পায়নি বাংলাদেশ। ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয়।

দ্বিতীয়ার্ধে শুরুতে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় উজবেকিস্তান। ৬২তম মিনিটে দিলদোরা নজিমোভার গোলে ব্যবধান দ্বিগুণ হয়। চার মিনিট পর আবারও গোল করে তিনি দলকে ৩–০ ব্যবধানে এগিয়ে নেন।
৭০তম মিনিটে আসালখোন আমিনজনোভার শট জালে জড়ালেও ভিএআর চেকে গোল বাতিল হয়। শেষ দিকে নিলুফার কুদরাতোভার নিখুঁত শটে ব্যবধান ৪–০ করেন উজবেকিস্তান।
হার দিয়ে শেষ হলেও শক্তিশালী দলগুলোর বিপক্ষে লড়াইয়ের অভিজ্ঞতা নিয়েই প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ অভিযান শেষ করল বাংলাদেশ।




