বাংলাদেশের তরুণ ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করতে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ হাজির হয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় ফুটবল দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। তরুণদের জন্য এমন উদ্যোগ ভবিষ্যতের তারকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
আজ মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামজা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর আমন্ত্রণে সেখানে গিয়ে কিছু সময় ক্রিকেট ম্যাচ উপভোগ করেন তিনি। চার দিনের ব্যক্তিগত সফরে ঢাকায় থাকা এই ফুটবলারকে একনজর দেখতে দুপুর থেকেই মাঠে ভিড় করেন অসংখ্য সমর্থক।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে হামজা বলেন,
‘সবাইকে সালাম। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই সুন্দর আয়োজনের অংশ করার জন্য প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি সত্যিই দারুণ কাজ শুরু করেছেন, যা আমাদের আগামী প্রজন্মের তারকাদের অনুপ্রাণিত করবে।’
হামজাকে ঘিরে মাঠে ছিল ব্যাপক উন্মাদনা। সমর্থক ও গণমাধ্যমকর্মীদের ভিড় সামলাতে আয়োজকদের বেশ বেগ পেতে হয়। একপর্যায়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নিজেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও হামজার উপস্থিতিকে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। তিনি বলেন,
‘ব্যস্ত সূচির মধ্যেও হামজা তরুণদের উদ্বুদ্ধ করতে এসেছেন। আমরা চাই ফুটবল, ক্রিকেট, দাবাসহ বিভিন্ন ডিসিপ্লিনে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি হোক। সরকার সে লক্ষ্যেই কাজ করছে।’
বক্তব্য শেষে হামজা মাঠে নেমে তরুণ ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন। কয়েক মিনিট খেলা উপভোগ করে তিনি ভেন্যু ত্যাগ করেন। আগামীকাল সকালে তার ইংল্যান্ডে ফিরে যাওয়ার কথা রয়েছে।




