দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ নারী চ্যাম্পিয়নশিপ এবার অনুষ্ঠিত হবে ভারতের গোয়ায়। ২৫ মে থেকে ৭ জুন পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ সেখানে টানা তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
ছেলেদের টুর্নামেন্ট নিয়মিত না হলেও দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) ধারাবাহিকভাবে আয়োজন করে যাচ্ছে মেয়েদের প্রতিযোগিতা। পরপর দুইবার নেপালের কাঠমান্ডুতে হওয়ার পর এবার টুর্নামেন্টের আয়োজন করছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গোয়াতেই হবে এবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপ।
সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল গত বৃহস্পতিবার সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে দেওয়া এক চিঠিতে জানিয়েছেন,
“সাফভুক্ত সাতটি দেশের জাতীয় নারী দল এই প্রতিযোগিতায় অংশ নেবে বলে আশা করা হচ্ছে। তাঁর মতে, এই টুর্নামেন্ট ইতোমধ্যেই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নারী ফুটবল আসরে পরিণত হয়েছে এবং দক্ষিণ এশিয়ায় নারী ফুটবলের বিকাশে বড় ভূমিকা রাখছে।”
সাফ নারী চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২৪ সালে নেপালের কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা জেতে সাবিনা–ঋতুপর্ণাদের দল। এর আগে ২০২২ সালেও একই ভেন্যু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে হারিয়েই প্রথমবারের মতো শিরোপা জিতেছিল বাংলাদেশ। ফলে গোয়ায় এবার টানা তৃতীয় শিরোপা ধরে রাখার মিশনে নামবে দলটি।
গোয়া এর আগে ১৯৯৯ সালে ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল। তবে ফাতোর্দার নেহরু স্টেডিয়ামে এবারই প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে নারী সাফের ম্যাচ।
গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কৈতানো ফার্নান্দেজ মনে করেন, দক্ষিণ এশিয়ায় নারী ফুটবল দ্রুত এগিয়ে যাচ্ছে। তাঁর ভাষায়,
“নারী এশিয়ান কাপেই তার প্রমাণ মিলেছে। ভারত ও বাংলাদেশ এখন এশিয়ার সেরা দশ দলের মধ্যে রয়েছে, নেপালও বেশ শক্তিশালী। তাই গোয়ায় উচ্চমানের ম্যাচই দেখতে পাবেন দর্শকরা।”
সাফ নারী চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল ভারত, তারা পাঁচবার শিরোপা জিতেছে। এবারের আসরে বাংলাদেশ ও নেপাল ছাড়াও অংশ নেবে ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।




