ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী ইনজুরি কাটিয়ে আবারও জাতীয় দলে খেলবেন। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে তার দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশ ফুটবলে এখন চলছে ব্যস্ত সময়। নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপ খেলে দেশে ফিরেছে। এর মধ্যেই পুরুষ জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি শুরু হচ্ছে। আসন্ন সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে আজ বাফুফের জাতীয় দল কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, ১৬ মার্চ ঢাকায় জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। এরপর ২১ মার্চ ভিয়েতনামে পৌঁছাবে দল। সেখানে ২৬ মার্চ একটি প্রীতি ম্যাচ খেলে ২৭ মার্চ সিঙ্গাপুরে যাবে বাংলাদেশ দল। ভিয়েতনাম ও সিঙ্গাপুরে প্রথম দুই দিন দলের হোটেল খরচ বহন করবে বাফুফে।

সম্প্রতি চোটে পড়ায় মার্চ উইন্ডোতে হামজা চৌধুরীর খেলা নিয়ে কিছুটা সংশয় ছিল। তবে আজকের সভার পর তার খেলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আমিরুল ইসলাম বাবু বলেন,

“হামজা ২২ মার্চ সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন। সেখানে প্রীতি ম্যাচ খেলে তিনি দলের সঙ্গে সিঙ্গাপুর যাবেন। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলে এরপর ইংল্যান্ডে ফিরে যাবেন।”

হামজা ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেও অন্য প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম, তারিক কাজী, জায়ান আহমেদ ও সামিত সোম ১৬ মার্চের মধ্যেই ক্যাম্পে যোগ দেবেন। তবে অধিনায়ক জামাল ভূইয়ার যোগ দেওয়ার বিষয়টি এখনো নিশ্চিত হয়নি।

এদিকে বাফুফে এখনো আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি। প্রাথমিক স্কোয়াডে ৩০ জন খেলোয়াড় থাকবেন। ভিয়েতনাম যাওয়ার আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে।

জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ মার্চের ম্যাচের পর। প্রায় চার বছরের বেশি সময় তিন দফায় দায়িত্ব পালন করা এই কোচকে নিয়ে ফুটবল অঙ্গনে সমালোচনাও রয়েছে। তবে আজকের সভায় তার চুক্তি বা ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন আমিরুল ইসলাম বাবু।

তিনি বলেন,

“সিঙ্গাপুর ম্যাচের পর সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান একটি সভা করবেন। সেখানে কোচসহ সব বিষয় পর্যালোচনা করা হবে। আজকের সভায় মূলত ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি নিয়েই আলোচনা হয়েছে।”

সিঙ্গাপুর ম্যাচের আগে শক্ত প্রতিপক্ষ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে বাফুফে। এজন্য ১৬ মার্চ থেকে ক্যাম্প শুরু করা হচ্ছে এবং ঈদের মধ্যেও কোনো ছুটি রাখা হয়নি।

Previous articleমোহামেডানের প্রশাসনের দায়িত্বে আবার লোকমান, সভাপতি বরকত উল্লাহ বুলু
Next articleগোয়ায় বসছে নারী সাফ চ্যাম্পিয়নশিপ, শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ বাংলাদেশের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here