টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল এবার নামছে নতুন ইতিহাস গড়ার মিশনে। ভারতের গোয়ায় আগামী ২৫ মে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে ড্র অনুযায়ী স্বাগতিক ভারতের সঙ্গেই একই গ্রুপে পড়েছে ঋতুপর্ণারা।
বুধবার ঢাকায় সাফের কার্যালয়ে অনুষ্ঠিত ড্রয়ে ছয় দলকে তিনটি পটে ভাগ করা হয় ফিফা র্যাংকিং অনুযায়ী। সেখানে দ্বিতীয় পটে থাকা বাংলাদেশকে ‘বি’ গ্রুপে রাখা হয়। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত ও মালদ্বীপ।
অন্যদিকে ‘এ’ গ্রুপে জায়গা পেয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। শক্তির বিচারে এই গ্রুপে নেপালকেই এগিয়ে রাখা হচ্ছে সম্ভাব্য সেরা দল হিসেবে। ফলে ‘বি’ গ্রুপে শীর্ষে থেকে সেমিফাইনালে উঠতে পারলে নেপালকে এড়ানোর সুযোগ থাকবে বাংলাদেশের সামনে।
টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ছয় দল। দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিটি দল খেলবে দুটি করে ম্যাচ। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল জায়গা করে নেবে সেমিফাইনালে।
সম্প্রতি প্রকাশিত ফিফা নারী র্যাংকিংয়ে অংশগ্রহণকারী ছয় দলের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। এই র্যাংকিংয়ের ভিত্তিতেই ড্রয়ের পট নির্ধারণ করা হয়।
এদিকে, ভারতের মাটিতে খেলতে যাওয়া নিয়ে আগে কিছুটা অনিশ্চয়তা থাকলেও বর্তমানে পরিস্থিতি ইতিবাচক। ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশ নারী দলকে গোয়ায় পাঠাতে সম্মতি দিয়েছে বলে জানা গেছে।
সাফ মিশন সামনে রেখে আগামী পরশু চট্টগ্রামে শুরু হবে দলের প্রস্তুতি ক্যাম্প। পাশাপাশি দেশের বাইরে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে দলের।




