জাতীয় পুরুষ ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার মেয়াদ শেষ হওয়ার পর নতুন কোচ খোঁজার প্রক্রিয়া জোরালো করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইতোমধ্যে দুই শতাধিক আবেদন জমা পড়েছে, সেখান থেকে সংক্ষিপ্ত তালিকা তৈরিতে তিন সদস্যের বিশেষ কমিটি কাজ শুরু করেছে।
বাফুফের ট্যাকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম হিলটন জানান,
“নির্বাহী কমিটির সদস্য ছাইদ হাসান কানন, ইকবাল হোসেন এবং তাকে নিয়ে গঠিত কমিটি চলতি সপ্তাহের মধ্যেই কোচদের সিভি যাচাই-বাছাই করে একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করবে। এরপর সেই তালিকা জাতীয় দল কমিটির কাছে জমা দেওয়া হবে।”
শুধু জাতীয় দলের প্রধান কোচই নয়, গোলরক্ষক কোচ এবং যুব দলের কোচ নিয়োগের কাজও একসঙ্গে এগিয়ে নিচ্ছে বাফুফে। গোলরক্ষক কোচের জন্য প্রায় ৪০টি এবং যুব দলের জন্যও উল্লেখযোগ্য সংখ্যক আবেদন জমা পড়েছে বলে জানান হিলটন। এসব পদের জন্যও আলাদা করে সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে।
এই প্রক্রিয়ায় বিশেষ কমিটির পাশাপাশি ট্যাকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটু ও ট্যাকনিক্যাল বিভাগের কর্মকর্তারাও যুক্ত থাকবেন। সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত হলে প্রার্থীদের সাক্ষাৎকার নেবে জাতীয় দল কমিটি। বেতন ও অন্যান্য শর্তে সমঝোতা হলেই নতুন কোচ নিয়োগ চূড়ান্ত করা হবে।
আগামী ৫ জুন সান মারিনোতে জাতীয় দলের প্রীতি ম্যাচ থাকায় দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে চায় বাফুফে। সে লক্ষ্যেই আগামী দুই সপ্তাহের মধ্যেই কোচ নিয়োগের প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা তাদের।




