জাতীয় ফুটবল দলের এক সময়ের ভরসার গোলরক্ষক আনিসুর রহমান জিকো আবারও বাদ পড়েছেন হাভিয়ের ক্যাবরেরার দলে। ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হওয়া জিকো চলতি মৌসুমে ক্লাব ফুটবলে ভালো খেললেও জাতীয় দলে জায়গা পাননি। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে ঘোষিত ২৮ সদস্যের দলে নেই তার নাম।
জাতীয় দলের গোলপোস্টের নিচে এক সময় নিয়মিত মুখ ছিলেন জিকো। ২০২৩ সাফে দুর্দান্ত পারফরম্যান্সে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষকের স্বীকৃতিও পেয়েছিলেন। তবে ব্যক্তিগত নানা বিতর্কের পর থেকে নিজেকে হারিয়ে খুঁজছিলেন এই গোলরক্ষক। চলতি মৌসুমে বসুন্ধরা কিংসের হয়ে ভালো পারফরম্যান্স করলেও কোচ ক্যাবরেরার চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি তার।
৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে কোচ প্রথমে একটি প্রাথমিক তালিকা করেছিলেন, যেখানে জিকোর নাম ছিল। কিন্তু বিভিন্ন কারণে অনেক ফুটবলার ক্যাম্পে যোগ দিতে না পারায় নতুন করে ২৮ জনের তালিকা প্রকাশ করেছেন ক্যাবরেরা। সেই তালিকা থেকেই বাদ পড়েছেন জিকো।
জিকোর অনুপস্থিতিতে আবাহনীর গোলরক্ষক মিতুল মারমাই সাম্প্রতিক সময়ে জাতীয় দলের গোলপোস্ট সামলাচ্ছেন। বসুন্ধরা কিংসে মেহেদী হাসান শ্রাবণের চেয়ে চলতি মৌসুমে জিকোর পারফরম্যান্স ভালো হলেও কোচ তাকে দলে ডাকেননি। কোচ ক্যাবরেরার সঙ্গে জিকোর সম্পর্কও খুব একটা স্বস্তিদায়ক নয় বলে জানা যায়।
এদিকে ইনজুরি কাটিয়ে আবার জাতীয় দলে ফিরেছেন নির্ভরযোগ্য ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। প্রাথমিক দলে থাকলেও তিনি একাদশে জায়গা করে নিতে পারেন কি না সেটি দেখার বিষয়।
সিঙ্গাপুরে যাওয়ার আগে ২৬ মার্চ ভিয়েতনামে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচ সামনে রেখে ২১ মার্চ ঢাকা ছাড়ার কথা দলের। ইংল্যান্ডে খেলা হামজা চৌধুরী ২২ মার্চ সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন।
বাংলাদেশের ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলাররা:
মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, ইশাক আকন্দ, তারিক কাজি, রহমত মিয়া, শাকিল আকাদ তপু, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মঞ্জুরুর রহমান, ইসা ফয়সাল, শাহ কাজেম কিরমানি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শামিত সোম, আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামেদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম ও সুমন রেজা।




