বাংলা নববর্ষের দিনেও থামেনি ফেডারেশন কাপের লড়াই। মঙ্গলবারের ম্যাচে জয় তুলে নিয়ে সবার আগে সুপার ফোরে জায়গা নিশ্চিত করেছে ব্রাদার্স ইউনিয়ন। একই দিনে ১০ জনের দল নিয়েও দারুণ জয় পেয়েছে রহমতগঞ্জ।
ফেডারেশন কাপে ‘এ’ গ্রুপে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখে সবার আগে শেষ চারে জায়গা করে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারা গ্রুপের শীর্ষে রয়েছে, আর অন্য কোনো দলের সেই পয়েন্ট ছোঁয়ার সুযোগ নেই। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই কোয়ালিফায়ার ম্যাচ খেলবে তারা।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল প্রতিপক্ষ। প্রথমার্ধে গোলশূন্য রাখতে সক্ষম হলেও বিরতির পর আর টিকতে পারেনি। ম্যাচের ৭১ মিনিটে পাকিস্তানি মিডফিল্ডার মুহাম্মদ হায়ান খাত্তকের একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় পায় ব্রাদার্স। এই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় ফকিরেরপুলের।
দিনের অন্য ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় পিডব্লিউডির মুখোমুখি হয় রহমতগঞ্জ। ম্যাচের ৩৩ মিনিটে অধিনায়ক সলোমন কিং লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় রহমতগঞ্জ। তবে একজন কম নিয়েও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় পুরান ঢাকার দলটি।
৫১ মিনিটে ঘানাইয়ান ফরোয়ার্ড আর্নেস্ট বোয়েটাংয়ের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। এরপর ৭২ মিনিটে জাভেদ আহমেদের আরেকটি গোলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।
তিন ম্যাচ শেষে রহমতগঞ্জের পয়েন্ট দাঁড়িয়েছে ৫, অবস্থান দ্বিতীয়। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আবাহনী, আর ৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে পিডব্লিউডি।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফকিরেরপুলকে হারাতে পারলে রহমতগঞ্জ ৮ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে পরের পর্বে উঠবে। অন্যদিকে, আবাহনী শেষ ম্যাচে পিডব্লিউডিকে হারালেও আর সুযোগ থাকবে না সুপার ফোরে যাওয়ার।




