নিজের মাঠে দর্শকদের সামনে দুর্দান্ত পারফরম্যান্সে অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে পদ্মা জোনের শিরোপা জিতে নিয়েছে সিরাজগঞ্জ অনূর্ধ্ব-১৭ জেলা দল।
সিরাজগঞ্জে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে জয়পুরহাট অনূর্ধ্ব-১৭ জেলা দলকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্বাগতিকরা।
মঙ্গলবার বিকেলে শহরের ঐতিহ্যবাহী শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দুই দলের মধ্যে জমে ওঠে উত্তেজনাপূর্ণ লড়াই। প্রথমার্ধ শেষে ম্যাচ ১-১ গোলে সমতায় থাকলেও দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিরাজগঞ্জ। শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি গোল করে জয় নিশ্চিত করে তারা।
সিরাজগঞ্জ অনূর্ধ্ব-১৭ দলের পক্ষে গোল করেন শরিফুল ইসলাম ও লিমন। জয়পুরহাট দলের একমাত্র গোলটি করেন সৌরভ আলী মন্ডল।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সদস্য ছাইদ হাসান কানন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য কামরুল হাসান হিলটন। এ সময় জেলা ক্রীড়া অফিসার নূর-এ-এলাহীসহ জেলার ক্রীড়া সংগঠক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্যের জন্য সিরাজগঞ্জ অনূর্ধ্ব-১৭ জেলা দলের ২১ নম্বর জার্সিধারী ডিফেন্ডার মো. জাকারিয়াকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। তার দৃঢ় রক্ষণভাগ দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



