দ্বিতীয়ার্ধের দাপুটে পারফরম্যান্সে জয় তুলে নিয়েছে শুকতারা যুব সংসদ। অন্যদিকে দশজনের দলে পরিণত হওয়া চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেছে বিআরটিসি স্পোর্টস ক্লাব।
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ২০২৫–২৬ মৌসুমে শনিবার অনুষ্ঠিত দুটি ম্যাচেই ছিল নাটকীয়তা। এক ম্যাচে শুকতারা যুব সংসদ ৩-১ গোলে হারিয়েছে ওয়ারী ক্লাবকে। অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে ১-০ গোলে পরাজিত করেছে বিআরটিসি স্পোর্টস ক্লাব।
শুকতারা যুব সংসদ বনাম ওয়ারী ক্লাবের ম্যাচে ৫৬তম মিনিটে মো. নাদিমের গোলে লিড নেয় শুক্তারা। ৬১তম মিনিটে শাওন হাসনাদের গোলে সমতা ফেরায় ওয়ারী ক্লাব। তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শুকতারা। ৭০তম মিনিটে রাদোয়ান হাসানের গোলে আবার এগিয়ে যায় তারা। ম্যাচের শেষ দিকে ৮৩তম মিনিটে মো. ফয়সাল আহমেদের গোল জয় নিশ্চিত করে শুক্তারা যুব সংসদের।
দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনী লিমিটেডের বিপক্ষে একমাত্র গোলটি আসে ৫৪তম মিনিটে। বিআরটিসি স্পোর্টস ক্লাবের হয়ে জাল কাঁপান মো. গোলাম রাব্বি। ম্যাচের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে যখন চট্টগ্রাম আবাহনী লিমিটেডের মো. সানোয়ার রহমান সিফাত সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দশজনের দল নিয়ে খেলেও সমতায় ফিরতে পারেনি চট্টগ্রাম আবাহনী।
এই দুই ম্যাচের ফলাফলে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ২০২৫–২৬ মৌসুমে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠেছে।




