দ্বিতীয়ার্ধে সৌরভ দেওয়ান ও বদলি নামা রহিম উদ্দিনের দুই গোলে আরামবাগকে ২-০ ব্যবধানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই জয়ে বাংলাদেশ ফুটবল লিগের পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে সাদাকালো জার্সিধারীরা।

শনিবার মানিকগঞ্জে অনুষ্ঠিত বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় লেগের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মোহামেডান। তবে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি তারা।

অষ্টম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল মোহামেডানের সামনে। বাম দিক থেকে জুয়েল মিয়ার বাড়ানো পাসে স্যামুয়েল বোয়াটেংয়ের টোকা পোস্টে লেগে ফিরে আসে। এরপর আরামবাগ গোলরক্ষক আজাদ হোসেন কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে উল্টো গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল আরামবাগ। ল্যানটেই মিলসের ক্রসে কুয়ামে কিজিতোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে গোলশূন্যভাবেই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর আরও ধারালো হয়ে ওঠে মোহামেডান। ৫০তম মিনিটে আবারও দারুণ এক সেভ করেন আজাদ। তবে পরের মিনিটেই ভাঙে তার প্রতিরোধ। সাইফুলের বাড়ানো বলে গোলকিপারের ভুলের সুযোগ নিয়ে সহজেই জালে বল পাঠান সৌরভ দেওয়ান।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় মোহামেডান। ৭৫তম মিনিটে ডান দিক থেকে আরিফের কাটব্যাকে বদলি নামা রহিম উদ্দিন নিখুঁত প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন। শেষ পর্যন্ত আর কোনো বিপদ না ঘটিয়ে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে আব্দুল কাইয়ুম সেন্টুর দল।

এই জয়ে ১৬ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে মোহামেডান। অন্যদিকে ১৪ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলের ঠিক ওপরে অষ্টম স্থানে রয়েছে আরামবাগ।

দিনের অন্য ম্যাচে রাজশাহীতে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। পাকিস্তানি ফরোয়ার্ড শায়েক দোস্ত জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

Previous articleএক ঘণ্টার নাটকীয় বিরতি, পয়েন্ট খুইয়ে চাপে বসুন্ধরা কিংস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here