রাকিব হোসেনের দ্রুত গোলের পর দোরিয়েলতন গোমেসের জোড়া আঘাত, সঙ্গে শেষদিকে সাব্বির হোসেনের সংযোজন—একতরফা দাপটে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বসুন্ধরা কিংস।
বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার কোয়ালিফায়ার-১ ম্যাচে শিরোপাধারীরা ৪-০ গোলের বড় জয় পায়। প্রথমার্ধে এক গোলের পর দ্বিতীয়ার্ধে আরও তিনবার জালের দেখা পায় তারা।
তবে এই হারে ব্রাদার্স ইউনিয়নের আশা শেষ হয়ে যায়নি। তারা এখন কোয়ালিফায়ার-২ এর জয়ী মোহামেডানের বিপক্ষে খেলবে কোয়ালিফায়ার-৩ এ, সেখানকার জয়ী দলই ফাইনালে মুখোমুখি হবে কিংসের।
কর্দমাক্ত ও পিচ্ছিল মাঠে খেলা কঠিন হলেও শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বসুন্ধরা কিংস। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় তারা। সাদ উদ্দিনের থ্রু পাস ধরে দূরূহ কোণ থেকে নেওয়া রাকিব হোসেনের জোরালো শট ব্রাদার্স গোলরক্ষক ইসহাক আকন্দকে পরাস্ত করে জালে জড়ায়।

প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোল পায়নি ব্রাদার্স। অন্যদিকে দোরিয়েলতনের একটি ওভারহেড কিক ফাউলের কারণে বাতিল হয়, আরেকটি নিশ্চিত সুযোগও নষ্ট করেন তিনি।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় কিংস। ৭০তম মিনিটে সাদ উদ্দিনের ক্রস থেকে দোরিয়েলতন ব্যবধান দ্বিগুণ করেন। চার মিনিট পর আবারও গোল করে ব্রাদার্সের ম্যাচে ফেরার সম্ভাবনা শেষ করে দেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
শেষদিকে বদলি নামা সাব্বির হোসেন বক্সের বাইরে থেকে নিচু শটে গোল করে বড় জয় নিশ্চিত করেন। এই হারে চলতি আসরে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ পেল ব্রাদার্স ইউনিয়ন।
অপর দিকে রহমতগঞ্জকে ০-৩ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ২৮ মিনিটকে মোহামেডান কে এগিয়ে দেন জুয়েল। ৫৩ মিনিটে আবারও গোল করে লিড দ্বিগুণ করে জুয়েল। ৭৬ মিনিটে সৌরভ গোল করে ব্যাবধান ৩-০ করে। বাকি সময় আর গোল না হওয়ায় ০-৩ ব্যাবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।
১২ই মে ৩য় কোয়ালিফাইয়ার্সে ব্রাদার্সের মুখোমুখি হবে মোহামেডান। সেখানকার জয়ী দলই ফাইনালে মুখোমুখি হবে কিংসের। ম্যাচটি অনুষ্ঠিত হবে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে দুপুর ২:৪৫ মি.।




