বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম অবশেষে পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন। শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ ফুটবল লিগে রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষবারের মতো মাঠে নামেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।

বিদায়ী ম্যাচ হওয়ায় ফর্টিজের হয়ে মূল একাদশে জায়গা পান মামুনুল, অধিনায়কের আর্মব্যান্ডও ছিল তার হাতে। তবে দীর্ঘ সময় মাঠে থাকা হয়নি—২৪ মিনিট খেলেই তুলে নেওয়া হয় তাকে। মাঠ ছাড়ার সময় দুই দলের খেলোয়াড়রা দাঁড়িয়ে গার্ড অব অনার দিয়ে সম্মান জানান, যা তৈরি করে আবেগঘন এক মুহূর্ত। এ উপলক্ষে প্রায় দুই মিনিট খেলা বন্ধও ছিল।


ম্যাচ শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও কার্যনির্বাহী সদস্যরা তার হাতে তুলে দেন ফুলের তোড়া ও স্মারক ক্রেস্ট। এ সময় উপস্থিত ছিলেন ফুটবল অঙ্গনের আরও অনেকে, তারাও শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসান এই মিডফিল্ডারকে।

বাংলাদেশে অনেক তারকা ফুটবলারেরই মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ হয় না। মামুনুলের ঘনিষ্ঠ বন্ধু জাহিদ হাসান এমিলিও সেই সুযোগ পাননি। তবে মামুনুলের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে—তার বর্তমান ক্লাব ফর্টিজের উদ্যোগেই আয়োজন করা হয় এমন সম্মানজনক বিদায়।

Previous articleবিদায়ের আগে দুই অপূর্ণতা, তবু ফুটবলেই ভবিষ্যৎ দেখছেন মামুনুল
Next articleমামুনুলের বিদায়ে রঙিন দিন, জয় দিয়ে স্মরণীয় করল ফর্টিজ; হাসল আবাহনী ও পুলিশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here