আরেকটি শিরোপা ধরে রাখার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। রাউন্ড রবিন লিগে দাপুটে পারফরম্যান্সে ফাইনালে ওঠা লাল-সবুজের মেয়েদের সামনে চ্যালেঞ্জ চোট, মাঠের কন্ডিশন আর প্রতিশোধ নিতে মরিয়া ভারত।

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ বাংলাদেশ সময় বিকাল ৩টা ১৫ মিনিটে। নেপালের পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি সরাসরি দেখা যাবে ইউটিউবে।

টুর্নামেন্টজুড়ে বাংলাদেশ ছিল অপ্রতিরোধ্য। প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে দেয় পিটার বাটলারের দল। পরের ম্যাচে শক্ত প্রতিপক্ষ ভারতকে ২-০ ব্যবধানে হারায় তারা। রাউন্ড রবিনের শেষ ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে আলপি আক্তারের হ্যাটট্রিকে ৪-০ গোলের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

তবে এমন পারফরম্যান্সের পরও ফাইনালের আগে দুশ্চিন্তা আছে বাংলাদেশ শিবিরে। চোট সমস্যা এবং অনুশীলন মাঠের নাজুক অবস্থা প্রস্তুতিতে প্রভাব ফেলেছে। পোখারার অনুশীলন মাঠ নিয়ে অসন্তোষ জানিয়ে কোচ পিটার বাটলার বলেন,

‘আমরা অনুশীলন সেশন যতটা সম্ভব সীমিত রাখার চেষ্টা করেছি। দুর্ভাগ্যবশত, অনুশীলন মাঠ খেলার জন্য একদমই উপযুক্ত নয়। আমি জানি অন্যান্য দেশগুলোও এই বিষয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছে।’

চোটের শঙ্কা থাকলেও শিষ্যদের ওপর পূর্ণ আস্থা বাটলারের। তাঁর মতে, মাঠেই জবাব দিতে হবে,

‘মেয়েদের পা মাটিতে রাখতে হবে, নম্র থেকে ও ফুটবল দিয়েই সব কথার জবাব দিতে হবে। তারা কীভাবে খেলবে সে বিষয়ে আমার পরিষ্কার ধারণা আছে। আমাদের সতেজ ও প্রস্তুত থাকতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তাদের আবারও হারাতে হবে।’

অন্যদিকে, লিগ পর্বে হারের ক্ষত ভুলে ফাইনালে নতুন গল্প লেখার স্বপ্ন দেখছে ভারত। দলটির কোচ পামেলা কন্তি মনে করেন, আগের ম্যাচে পারফরম্যান্সে পিছিয়ে ছিল না তার দল, কেবল গোল করতে না পারাই ছিল পার্থক্য। তিনি বলেন,

‘সত্যি বলতে, আমি মনে করি না আমাদের ওই ম্যাচটি হারা উচিত ছিল। খেলার ধরনে আমরাই এগিয়ে ছিলাম। কিন্তু ফুটবল আমাদের শিখিয়েছে, গোল না করলে জেতা যায় না।’

ভারত মূলত তাদের অনূর্ধ্ব-১৭ দল নিয়ে এই টুর্নামেন্ট খেলছে, যাদের লক্ষ্য সামনে এশিয়ান কাপ। বয়সে বড় ও শারীরিকভাবে শক্তিশালী বাংলাদেশের বিপক্ষে কৌশলগত ফুটবলেই ভরসা তাদের। শিষ্যদের মানসিকভাবে প্রস্তুত রাখতে কন্তির বার্তা স্পষ্ট,

‘বাংলাদেশ গোল পেলেও বিচলিত হওয়ার কিছু নেই। ওরা বয়সে বড় হওয়ায় শারীরিকভাবে শক্তিশালী হতে পারে, কিন্তু ফুটবলীয় মানে আমরাই ভালো দল।’

সব মিলিয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে বাংলাদেশ, আর প্রতিশোধের আগুনে জ্বলছে ভারত। পোখারায় আজকের ফাইনাল তাই হতে যাচ্ছে উত্তেজনা আর চাপের এক সত্যিকারের লড়াই।

Previous articleফাইনালের আগে সতর্ক বাটলার, ভাবনায় এশিয়ান কাপও
Next articleভুলের মাশুলে শিরোপা হাতছাড়া, ফাইনালে ভারতের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here