বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ কে হচ্ছেন, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। কয়েক দফা সময় পরিবর্তনের পর এবার ১৫ মে’কে চূড়ান্ত সময়সীমা হিসেবে নির্ধারণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে সংক্ষিপ্ত তালিকায় থাকা ১১ জন কোচের অনলাইন সাক্ষাৎকার শেষ হলেও এখনো সিদ্ধান্তে পৌঁছায়নি ফেডারেশন।

আজ ফর্টিসে জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটির জরুরি সভা শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান,

“পুরো প্রক্রিয়াটি এখনো চলমান রয়েছে। তিনি বলেন, ‘আমরা বিশ্লেষণ করে ১১ জনকে অনলাইন ইন্টারভিউতে ডেকেছিলাম। এই ডিসকাশনটা চলমান রয়েছে। ১৫ মে আমরা সেটাকে সমাপ্ত করব এবং আপনাদের সামনে পুরো ফিউচার অব বাংলাদেশ এটা তুলে ধরব।’’

নতুন কোচ নিয়োগ নিয়ে নানা নাম আলোচনায় থাকলেও সভাপতি কোনো নির্দিষ্ট প্রার্থীর বিষয়ে মন্তব্য করতে চাননি। ব্রাজিলিয়ান কোচ রোজেরিও মিকেল আবেদন করেও পরে সরে গিয়ে অন্য ক্লাবে যোগ দিয়েছেন। তবে বাকি প্রার্থীদের নিয়ে এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে।

তাবিথ আউয়াল বলেন,‘১৫ মে’র আগে দুই পক্ষই নিজেদের জন্য সেরা বিকল্পটি বেছে নেওয়ার সুযোগ খোলা রেখেছে। আমরা যেমন আরও কয়েকজন কোচের সঙ্গে কথা বলছি, তেমনি কোচরাও হয়তো অন্য কোথাও আলোচনা করছেন।’

শুধু তাৎক্ষণিক ফল নয়, এবার দীর্ঘমেয়াদি পরিকল্পনার দিকেও নজর দিচ্ছে বাফুফে। আগামী দুই বছরে জাতীয় দলকে কোন পথে এগিয়ে নেওয়া হবে, সেটিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কোচ নিয়োগ প্রক্রিয়ায়।

কোচের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে সভাপতি বলেন,

‘আমাদের একটা বাজেট আছে। প্রয়োজন হলে সেটি বাড়াতে আমরা স্পনসরদের সঙ্গে কথা বলব। পাশাপাশি কিছু ডোনার অর্গানাইজেশনের সঙ্গে আলোচনা চলছে এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে।’

Previous articleবিশ্বকাপ ও অডিট জটিলতায় পিছিয়ে গেল বাফুফের এজিএম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here