টানা তৃতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ (বৃহস্পতিবার) সকালে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী দলীয় বহর দেশ ছাড়ে।
থাইল্যান্ডে প্রায় দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প শেষে আগামী ২১ মে ভারতের গোয়ায় যাবে লাল-সবুজের প্রতিনিধিরা।
সেখানে আগামী ২৫ মে শুরু হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর। এবারের টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক ভারত ও মালদ্বীপ।
সর্বশেষ দুই আসরে স্বাগতিক নেপালকে ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে পিটার বাটলারের শিষ্যরা।
সাফকে সামনে রেখে এর আগে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে আবাসিক ক্যাম্প করেছে নারী দল। পরে ঢাকায় ফিরে দুই সেশন অনুশীলন শেষে বিদেশ যাত্রা সম্পন্ন করল দল।




