চার বছরের বেশি সময় দায়িত্ব পালন শেষে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে পথচলা শেষ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাতীয় দলের নতুন হেড কোচ খুঁজতে জোরালো প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি, আর সেই লক্ষ্যে আজ জাতীয় দল কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

ফর্টিজে প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের জানান,

“কোচ বাছাইয়ের তালিকা আরও ছোট করা হয়েছে। ‘বিশেষ কমিটি একটি তালিকা দিয়েছিল। আজকের সভায় সেটি আরও সংক্ষিপ্ত হয়েছে। দশ জনের তালিকা থেকে আগামী তিন দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা থাকবে,’ বলেন তিনি।”

তবে বাস্তবে প্রক্রিয়াটি মে মাসের মাঝামাঝি পর্যন্ত গড়াতে পারে বলে ইঙ্গিত মিলেছে। এই সময়ের মধ্যে সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচদের সঙ্গে অনলাইনে সাক্ষাৎকার নেওয়া হবে। তালিকায় ব্রাজিল ও জার্মানির কোচরাও রয়েছেন। বেতন, সুযোগ-সুবিধাসহ বিভিন্ন শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হবে।

এদিকে শুধু হেড কোচ নয়, গোলরক্ষক কোচ নিয়োগের প্রক্রিয়াও চলছে। সেখানেও তালিকা দশ জনে নামিয়ে আনা হয়েছে। তবে বাফুফে আপাতত হেড কোচ নিয়োগকেই অগ্রাধিকার দিচ্ছে। কারণ নতুন কোচের পছন্দ অনুযায়ী গোলরক্ষক ও ফিটনেস কোচ নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হতে পারে।

আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। একই সময়ে মালদ্বীপে চার জাতির একটি টুর্নামেন্টেও অংশ নেওয়ার কথা রয়েছে। শুরুতে সেখানে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর পরিকল্পনা থাকলেও, মালদ্বীপের অনুরোধে এখন জাতীয় দলই অংশ নেবে। তবে ফিফার আনুষ্ঠানিক স্বীকৃতি মূলত সান মারিনোর ম্যাচটিই পাবে, যেখানে হামজা ও সামিতদের খেলার কথা রয়েছে।

Previous articleমামুনুলের বিদায়ে রঙিন দিন, জয় দিয়ে স্মরণীয় করল ফর্টিজ; হাসল আবাহনী ও পুলিশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here