দেশজুড়ে ঈদের আমেজ থাকলেও মাঠের লড়াইয়ে বিরতি নেই বাংলাদেশের ফুটবলাঙ্গনে। জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক নারী-পুরুষ—তিনটি দলই ভিন্ন ভিন্ন দেশে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে।

জাতীয় ফুটবল দল বর্তমানে ভিয়েতনামের হ্যানয়ে অবস্থান করছে। প্রীতি ম্যাচ ও এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিতে ব্যস্ত দলটি ইতোমধ্যে অনুশীলনে ফিরেছে। দলের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বাফুফের এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ভ্রমণক্লান্তি কাটিয়ে ফুটবলাররা দ্রুতই ছন্দে ফিরেছে। স্বল্প সময়ের অনুশীলন হলেও তা বেশ কার্যকর হয়েছে এবং ট্যাকটিক্যাল নানা বিষয়ে কাজ করা হয়েছে।

জাতীয় দলের অভিজ্ঞ মিডফিল্ডার সোহেল রানা জানিয়েছেন, অনুশীলনে রিকভারি এবং ম্যাচ পরিকল্পনা—দুটো দিকেই জোর দেওয়া হয়েছে। তার মতে, ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি সিঙ্গাপুরের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের জন্য বড় প্রস্তুতি হিসেবে কাজ করবে।

এদিকে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ পুরুষ দল রয়েছে মালদ্বীপের মালেতে। তবে অনুশীলন ভেন্যুর মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দলের ম্যানেজার সামিদ কাশেম। তিনি বলেন, ম্যাচ হবে ঘাসের মাঠে হলেও অনুশীলন করতে হচ্ছে টার্ফে, যার মান আন্তর্জাতিক পর্যায়ের নয়। তারপরও খেলোয়াড়রা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে।

অন্যদিকে থাইল্যান্ডের ব্যাংককে অনুশীলন করছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। তীব্র গরমের মধ্যেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছে তারা। ডিফেন্ডার সুরমা জান্নাত জানিয়েছেন, ঈদের দিন পরিবার থেকে দূরে থাকতে হয়েছে তাদের। তবে সামনে ২৫ ও ২৭ মার্চ ভারত ও জর্ডানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দল পুরো মনোযোগ দিচ্ছে প্রস্তুতিতে। তাদের লক্ষ্য টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে জায়গা করে নেওয়া।

Previous articleভিয়েতনামে বিলম্বে যোগ দিবেন হামজা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here