দীর্ঘ এক বছরের বেশি সময় ইনজুরির কারণে মাঠের বাইরে থাকার পর আবার জাতীয় দলে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ। প্রাথমিক দলে জায়গা করে নেওয়ার পর এখন চূড়ান্ত স্কোয়াডে থেকে ভিয়েতনামে দলের সঙ্গে অনুশীলন করছেন তিনি। তবে দলে ফেরাই শেষ নয়, একাদশে জায়গা পুনরুদ্ধারই এখন তার প্রধান লক্ষ্য।
বছর দেড়েক আগেও বাংলাদেশ জাতীয় দলে সবচেয়ে নির্ভরযোগ্য ফুটবলারদের একজন ছিলেন বিশ্বনাথ ঘোষ। কিন্তু ইনজুরি তাকে শুধু জাতীয় দল থেকেই নয়, প্রায় এক বছর ফুটবল থেকেও দূরে সরিয়ে দেয়। সেই কঠিন সময় পেরিয়ে আবার মাঠে ফিরে নিজেকে প্রমাণের সুযোগ পেয়েছেন এই ডিফেন্ডার।
বর্তমানে ভিয়েতনামে অবস্থানরত বাংলাদেশ দল আজ দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে। সেখান থেকেই বাফুফের মিডিয়া বিভাগে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন বিশ্বনাথ। জাতীয় দলে অনেক পরিবর্তন এসেছে জানিয়ে তিনি বলেন, নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
শমিত সোমের মতো খেলোয়াড়দের সঙ্গে এবারই প্রথম জাতীয় দলে অনুশীলন করছেন বিশ্বনাথ। তাদের উপস্থিতিকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি। বিশ্বনাথ বলেন,
“বড় মাপের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন উপভোগ করছেন এবং তাদের কাছ থেকে শেখার চেষ্টা করছেন। যদিও হামজা এখনও দলে যোগ দেননি, তবে শমিত সোমের অনুশীলনের বাইরের প্রস্তুতিও পর্যবেক্ষণ করছেন তিনি।”
তবে সবকিছুর মাঝেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ একাদশে জায়গা ফিরে পাওয়া। সে লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন বিশ্বনাথ। তার ভাষায়,
“অনেক দিন পর দলে ফিরেছেন, তাই এখানে টিকে থাকা এবং দলের জন্য ভালো পারফর্ম করাই এখন মূল লক্ষ্য।”
আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচকে সামনে রেখে দলটি ভিয়েতনামের ন্যাশনাল ইয়ুথ ট্রেনিং সেন্টারে প্রস্তুতি নিচ্ছে। দ্বিতীয় দিনের অনুশীলনে ট্যাকটিক্যাল ও টেকনিক্যাল বিষয়গুলোর ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ওয়ার্ম-আপ ও স্ট্রেচিংয়ের পর হেড কোচ হাভিয়ের কাবরেরা খেলোয়াড়দের নিয়ে কৌশলগত অনুশীলন করান।
গতকালের তুলনায় আজ এক ঘণ্টা আগে, স্থানীয় সময় বিকেল ৫টায় অনুশীলন অনুষ্ঠিত হয়। ভিয়েতনামের আবহাওয়ার সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছেন ফুটবলাররা।
এদিকে, ইংল্যান্ড থেকে আগামীকাল ভিয়েতনামে পৌঁছানোর কথা রয়েছে হামজা চৌধুরীর। তবে তিনি এসে সরাসরি অনুশীলনে যোগ দেবেন নাকি বিশ্রাম নেবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।




