চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাফ অঞ্চলের ফুটবলারদের কোটা নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। আগে পুরোপুরি বাতিলের দাবি তুললেও, এখন সেটি কমিয়ে দুইজন করার প্রস্তাব দিয়েছে দেশের শীর্ষ ফুটবলাররা।
রোববার বাফুফের দুই সদস্যের সঙ্গে বৈঠকে বসেন লিগে খেলা স্থানীয় ফুটবলাররা। সেখানে তারা সাফ কোটা পাঁচজন থেকে কমিয়ে দুইজন করার প্রস্তাব দেন। একই সঙ্গে সাফ অঞ্চলের বাইরের বিদেশি খেলোয়াড়ের কোটা তিনজন থেকে কমিয়ে দুইজন করার দাবিও জানান তারা। যদিও আগের চিঠিতে থাকা অন্যান্য চারটি দাবি এই বৈঠকে তোলা হয়নি।
সভায় ফুটবলারদের পক্ষে নেতৃত্ব দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। বৈঠক শেষে তিনি বলেন,
‘আমরা ফেডারেশনের কাছে দুইজন সাফ ও দুইজন বিদেশি কোটা চেয়েছি। আশা করি আমাদের দাবি বিবেচনা করা হবে। আমরা চাই ফুটবলার, ক্লাব ও ফেডারেশনের মধ্যে সুসম্পর্ক বজায় থাকুক। সাফের সিদ্ধান্ত অনুযায়ী এই অঞ্চলের খেলোয়াড়রা স্থানীয় হিসেবে খেলতে পারে, আমরাও সেই সম্পর্ক ধরে রাখতে চাই।’
বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান,
“ফুটবলারদের নতুন প্রস্তাব গ্রহণ করা হয়েছে এবং তা সভাপতিকে জানানো হবে। এরপর নির্বাহী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
উল্লেখ্য, ফুটবলারদের স্বার্থ রক্ষার কথা থাকলেও খেলোয়াড় কল্যাণ সমিতির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। গত সপ্তাহে সমিতির প্যাডে আবেদন করা হলেও, এবার ২০ জন ফুটবলারের স্বাক্ষরসহ সাদা কাগজে দাবি উপস্থাপন করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি মামুনুল ইসলাম।




