বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ কে হচ্ছেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা। অবশেষে এ বিষয়ে স্পষ্ট সময়সীমা জানাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তিনি জানিয়েছেন, আগামী ১৫ মে’র মধ্যেই নতুন কোচের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করতে চায় বাফুফে।

আজ বিকেলে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাবিথ আউয়াল বলেন,“কোচ নিয়োগ প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জাতীয় দল কমিটি ইতোমধ্যে পাঁচজন কোচের সাক্ষাৎকার নিয়েছে এবং আগামী রোববারের মধ্যেই সিদ্ধান্তে পৌঁছানোর আশা করছে ফেডারেশন।”

তিনি বলেন,“জাতীয় দল কমিটি বর্তমানে সাক্ষাৎকার গ্রহণ করছে। পাঁচজন কোচের সাক্ষাৎকার ইতোমধ্যে নেওয়া হয়েছে। আশা করছি, আগামী রোববারের মধ্যে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারব এবং ১৫ মের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হবে।”

বাংলাদেশ দলের কোচ হওয়ার দৌড়ে আলোচনায় আছেন ব্রাজিলের অলিম্পিকজয়ী কোচ রোজারিও মিকেল। তবে সামাজিক মাধ্যমে গুঞ্জন ওঠে, বাফুফের সিদ্ধান্তে দেরি হওয়ায় তিনি নাকি আগ্রহ হারিয়েছেন।

এ প্রসঙ্গে তাবিথ আউয়াল বলেন,“সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই শোনা যেতে পারে। আমি অনুরোধ করব ফেডারেশনের আনুষ্ঠানিক বক্তব্যের ওপর নির্ভর করতে। আমরা যাদের সাক্ষাৎকার নিয়েছি, তারা সবাই অত্যন্ত আগ্রহী এবং রোববারে আমাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।”

হাই-প্রোফাইল কোচ নিয়োগের ক্ষেত্রে বাফুফের আর্থিক সীমাবদ্ধতা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলেও আলোচনা রয়েছে। তবে এ নিয়ে আশাবাদী বাফুফে সভাপতি।

তার ভাষায়,“বাজেট অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটিই শেষ কথা নয়। যোগ্য কোচের জন্য যদি বাজেটের বাইরে যেতে হয়, তবে আমরা স্পন্সর, সরকার এমনকি সংশ্লিষ্ট দেশের দাতা সংস্থাগুলোর সঙ্গেও যোগাযোগ করব। যেভাবেই হোক, আমরা আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলা করার চেষ্টা করব।”

Previous articleহ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে থাইল্যান্ডে বাংলাদেশ নারী দল
Next articleপিডব্লিউডিকে হারিয়ে কিংসের ওপর চাপ বজায় রাখল আবাহনী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here