সর্বশেষ ম্যাচে হারলেও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল) থেকে প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করেছে সিটি ক্লাব। লিগ টেবিলে দ্বিতীয় স্থান ধরে রেখেই প্রথমবারের মতো শীর্ষ লিগে জায়গা করে নিয়েছে দলটি।
গতকাল বিআরটিসির বিপক্ষে ১-০ গোলে হেরেও সিটি ক্লাবের প্রমোশন আটকে থাকেনি। ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তারা লিগের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে। ফলে আগামী মৌসুমে দেশের শীর্ষ ফুটবল লিগে অভিষেক হতে যাচ্ছে দলটির।
এদিকে ৩৯ পয়েন্ট নিয়ে আগেই শিরোপা নিশ্চিত করা চট্টগ্রাম সিটি এফসি শেষ ম্যাচেও জয় পেয়েছে। ওয়ারী ক্লাবকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উদযাপন করেছে চট্টগ্রামের দলটি।
সিটি ক্লাবের প্রমোশনের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ছিল ঢাকা ওয়ান্ডারার্স। তবে শেষ রাউন্ডে শুকতারা যুব সংঘের কাছে ২-১ গোলে হেরে তারা নেমে গেছে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে, ফলে প্রমোশনের দৌড় থেকে ছিটকে পড়ে।
অন্যদিকে অবনমন নিশ্চিত হয়েছে চট্টগ্রাম আবাহনীর। খেলাঘর সমাজকল্যাণের কাছে ২-০ গোলে হেরে বিসিএল থেকে নিচের স্তরে নেমে যেতে হচ্ছে দলটিকে।




