এক মেয়াদ বিরতির পর আবারও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালনা পরিষদে ফিরেছেন লোকমান হোসেন ভূঁইয়া। নতুন পরিষদের প্রথম সভায় তাকে আবার প্রশাসন বিষয়ক দায়িত্বপ্রাপ্ত পরিচালক করা হয়েছে। একই সঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্লাবটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বরকত উল্লাহ বুলু (এমপি)।
ঐতিহ্যবাহী ক্লাবটির চতুর্থ বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও পরিচালনা পরিষদের নির্বাচন সোমবার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে অনুষ্ঠিত হয়। ক্লাবের বিদায়ী সভাপতি জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন (অব.) অসুস্থ থাকায় বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের অন্যতম পরিচালক মাহবুব উল আনাম।
বার্ষিক সাধারণ সভা শেষে পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বরকত উল্লাহ বুলু। এছাড়া ১৬টি পরিচালক পদেও সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত পরিচালকদের মধ্যে রয়েছেন— মো. লোকমান হোসেন ভূঁইয়া, মাহবুব উল আনাম, মোস্তফা কামাল, মো. মোস্তাকুর রহমান, মাসুদুজ্জামান, মো. এনায়েত হোসন সিরাজ, খায়রুল কবির খোকন, মো. আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, এম এ সালাম, নিলোফার চৌধুরী মনি, সাজেদ এ এ আদেল, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী।
নির্বাচন পরিচালনা করেন ক্লাবের স্থায়ী সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য আনোয়ারুল হক হেলাল, ব্যারিস্টার মোহাম্মদ ইসমাইল ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক খন্দকার মঞ্জুরুল ইসলাম (দিলু)।
বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি বরকত উল্লাহ বুলু। সভায় সর্বসম্মতিক্রমে লোকমান হোসেন ভূঁইয়াকে প্রশাসন বিষয়ক দায়িত্বপ্রাপ্ত পরিচালক, মাহবুব উল আনামকে অর্থ বিষয়ক পরিচালক এবং মো. মোস্তাকুর রহমানকে ক্রীড়া বিষয়ক পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে।
এ ছাড়া ক্লাবের পরিচালক মোস্তফা কামালকে ফুটবল কমিটির চেয়ারম্যান, মো. আবুল কালাম এমপি, এম এ সালাম ও মির্জা ইয়াসির আব্বাসকে সহ-সভাপতি মনোনীত করা হয়েছে। ক্রিকেট কমিটির চেয়ারম্যান হয়েছেন মাসুদুজ্জামান এবং হকি কমিটির চেয়ারম্যান করা হয়েছে সাজেদ এ আদেলকে।




