বাংলাদেশ প্রিমিয়ার লিগে শীর্ষ দুই দলের লড়াইটা ছিল শুরু থেকেই উত্তেজনায় ভরা। আক্রমণ-প্রতি আক্রমণ, মাঠে খেলোয়াড়দের তর্ক-বিতর্ক আর গ্যালারিতে দুই দলের সমর্থকদের তুমুল উত্তেজনার মধ্যেই জমে ওঠে ম্যাচটি। শেষ পর্যন্ত পাঁচ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ফর্টিস এফসিকে ৩-২ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস।
শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে কিংসের জয়ের নায়ক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তো। তাঁর হ্যাটট্রিকেই জয় নিশ্চিত করে গোলাম জিলানীর দল। ফর্টিসের হয়ে গোল দুটি করেন ওনিয়েকাচি ওকাফর ও অনন্ত তামাং।
এই জয়ে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এককভাবে অবস্থান করছে পাঁচবারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফর্টিস এফসি।
ম্যাচের ১৮ মিনিটে প্রথম ভালো সুযোগ পায় কিংস। কর্নারের কাছ থেকে হৃদয়ের ক্রসে দোরিয়েলতন হেড নিলেও বল পোস্টের ওপর দিয়ে চলে যায়।

এর ঠিক পরের মিনিটেই এগিয়ে যায় ফর্টিস। মাঝমাঠে ইমানুয়েলের কাছ থেকে বল কেড়ে নিয়ে তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে দারুণ থ্রু পাস দেন পা ওমর বাবু। সেই বল ধরে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর ডান পাশ দিয়ে ঠেলে জালে পাঠান নাইজেরিয়ান ফরোয়ার্ড ওকাফর।
তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি কিংসকে। ২৩ মিনিটে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢোকার সময় রাকিবকে ফেলে দেন ফর্টিসের ডিফেন্ডার আব্দুল্লাহ ওমর। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। ২৭ মিনিটে স্পটকিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান দোরিয়েলতন।
৩৩ মিনিটে পা ওমর বাবুর ওপর রিমনের ট্যাকলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন একাধিক খেলোয়াড়। বেঞ্চ থেকে এতে জড়িয়ে হলুদ কার্ড দেখেন ফর্টিসের ফাহাদ।
প্রথমার্ধের শেষ দিকে গোলের আরও দুটি সুযোগ তৈরি করে কিংস। ৪৫ মিনিটে চন্দন রায়ের নিচু শট পোস্ট ঘেঁষে বাইরে যায়। এরপর আবারও তাঁর শট লক্ষ্যে থাকেনি। যোগ করা সময়ে হলুদ কার্ড দেখেন কিংসের সোহেল রানা। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পর বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামে কিংস। লেফট উইংয়ে নামেন ফয়সাল আহমেদ ফাহিম। তাঁর আক্রমণাত্মক খেলাই বদলে দেয় ম্যাচের গতি। ৫২ মিনিটে ফাহিমের দারুণ ক্রসে আনমার্কে থাকা দোরিয়েলতন আলতো টোকায় বল জালে জড়ান। এতে প্রথমবারের মতো লিড পায় বসুন্ধরা কিংস।
৭৫ মিনিটে আবারও ম্যাচে ফেরে ফর্টিস। বদলি খেলোয়াড় দাও শেরিংয়ের নেওয়া কর্নার থেকে বক্সে জোরালো শটে গোল করেন অনন্ত তামাং।

তবে তিন মিনিট পরই আবার এগিয়ে যায় কিংস। সানডের কাছ থেকে বল নিয়ে বক্সে দারুণ ক্রস দেন ফাহিম। গোলরক্ষক সুজন পেরেরার মাথার ওপর দিয়ে বল জালে ঠেলে দেন দোরিয়েলতন। এর মাধ্যমে নিজের হ্যাটট্রিকও পূর্ণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
৮৭ মিনিটে সমতায় ফেরার বড় সুযোগ পেয়েছিল ফর্টিস। গোলকিপার জিকোকে পরাস্ত করেও ওকাফরের নিচু শট অল্পের জন্য পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়। শেষ পর্যন্ত ৩-২ গোলের রোমাঞ্চকর জয় নিয়েই মাঠ ছাড়ে ফেডারেশন কাপের দুইবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
অপর দিকে ব্রাদার্স কে ১-২ গোলে হারিয়েছে আবাহনী। পি ডাব্লিউ ডিকে ০-৩ গোলে হারিয়েছে আরামবাগ।




