ঈদুল ফিতর সামনে। এ সময়টাতে সাধারণ মানুষ যখন পরিবারে ফেরার প্রস্তুতিতে ব্যস্ত, তখন জাতীয় দলের ফুটবলাররা রয়েছেন ক্যাম্পে। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে ঈদের সময়টাও মাঠেই কাটাতে হচ্ছে তাদের। তবু ব্যক্তিগত আক্ষেপ ভুলে দেশের জন্য ভালো ফল উপহার দেওয়াই এখন তাদের প্রধান লক্ষ্য।

এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে ৩১ মার্চ সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের দল। এই দুটি ম্যাচ সামনে রেখে আজ থেকে অনুশীলন শুরু করেছে প্রধান কোচ হাভিয়ের কাবরেরার দল।

রাজধানীর বসুন্ধরা কিংসের অনুশীলন মাঠে আজ ক্যাম্প শুরু হয়। ঈদের সময় পরিবার থেকে দূরে থাকতে হলেও ফুটবলাররা এটাকে দেশের জন্য ত্যাগ হিসেবেই দেখছেন।

অনুশীলনের আগে সাংবাদিকদের শেখ মোরসালিন বলেন,

“আমরা তো আসলে ত্যাগ করছি। পরিবারের সঙ্গে কেউ ঈদ করতে পারছি না। দিনশেষে আমাদের চেষ্টা থাকবে যেন আমরা আসন্ন দুটি ম্যাচে ভালো একটা ফল করতে পারি। দেশের মানুষকে জয় উপহার দিতে চাই, এটাই আমাদের লক্ষ্য।”

গত বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মোরসালিনের। ২২ বছর পর ভারতকে হারানোর ম্যাচে একমাত্র গোলটি এসেছিল তার পা থেকেই।

তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দেন এই মিডফিল্ডার। মোরসালিন বলেন,

“আমি সবসময় দলের জন্য খেলতে চেষ্টা করি। আমার প্রথম লক্ষ্য থাকে দলকে কীভাবে জেতানো যায়। এরপর সুযোগ পেলে অবশ্যই গোল করার চেষ্টা করি। কিন্তু আগে চাই দল জিতুক, সেটাই আমার প্রধান লক্ষ্য।”

Previous articleনেপালের লিগ খেলতে কাঠমান্ডুতে সানজিদা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here