সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলকে সংবর্ধনা ও প্রতিশ্রুত আর্থিক পুরস্কার দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শুধু সম্মাননা নয়, তৃণমূল থেকে ফুটবল উন্নয়নে পাশে থাকার কথাও পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।
রাজধানীর হাতিরঝিলে বাফুফের আয়োজিত সংবর্ধনার ১৮ দিন পর আজ সিটি কর্পোরেশন কার্যালয়ে ফুটবলারদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কারের চেক ও ক্রেস্ট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিলটন এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
সাধারণত নগরসেবামূলক কাজ নিয়েই ব্যস্ত থাকে সিটি কর্পোরেশন। তবে দেশের ফুটবলের সঙ্গে তাদের সম্পর্কও বেশ পুরোনো। বিশেষ করে তৃণমূলের পাইওনিয়ার ফুটবল লিগে দীর্ঘদিন ধরে অর্থায়ন করে আসছে তারা। পাশাপাশি সিটি কর্পোরেশনের অধীনে থাকা বেশ কয়েকটি মাঠ বাফুফে বিভিন্ন প্রতিযোগিতার জন্য ব্যবহার করে থাকে।
মাঠ উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ছয়টি নতুন মাঠ খেলার জন্য উন্মুক্ত করার উদ্যোগ ইতিবাচক। তবে শুধু মাঠ খুলে দিলেই হবে না, সেগুলোর সংস্কার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও জরুরি। এ ক্ষেত্রে কোচিং ও টেকনিক্যাল সহায়তা দেবে বাফুফে।
অন্যদিকে প্রশাসক শফিকুল ইসলাম মিলটন জানান, মাঠগুলো ধীরে ধীরে খেলার উপযোগী করে তোলা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কাজ চলবে। তিনি বলেন, ফুটবলের উন্নয়নে যা যা প্রয়োজন, সিটি কর্পোরেশন তা করার চেষ্টা করবে।
সংবর্ধনা অনুষ্ঠানে সাফজয়ী দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ হাজার টাকার চেক ও একটি করে ক্রেস্ট দেওয়া হয়। এই অর্থকে খুব বড় কিছু না বললেও ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখছেন প্রশাসক মিলটন। তরুণ ফুটবলারদের উদ্দেশে তিনি বলেন, জাতীয় দলে খেলে দেশের সুনাম বাড়ানোর লক্ষ্যেই এগিয়ে যেতে হবে।
দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার পর এবার বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের লক্ষ্য এশিয়ান বাছাইপর্ব পেরিয়ে মূল আসরে জায়গা করে নেওয়া। সেই লক্ষ্য পূরণ হলে সিটি কর্পোরেশনের এই সহায়তাও স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন বাফুফে সভাপতি।
উল্লেখ্য, সাফ অ-২০ চ্যাম্পিয়ন দলের ২৩ সদস্যের স্কোয়াডে তিনজন প্রবাসী ফুটবলার ছিলেন। তাদের পুরস্কারের চেক পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষার কারণে চারজন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি; তাদের চেক ফেডারেশনের মাধ্যমে দেওয়া হবে। কোচিং স্টাফরা আর্থিক প্রণোদনা না পেলেও সম্মানসূচক ক্রেস্ট গ্রহণ করেছেন।




