চার বছরেরও বেশি সময় পর বাংলাদেশের ফুটবলে শেষ হলো স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা অধ্যায়। পূর্ণ মেয়াদ শেষ করে বিদায় নিয়েছেন জাতীয় দলের এই দীর্ঘতম সময় দায়িত্ব পালন করা কোচ। যার সময়ে সাফল্য যেমন এসেছে, তেমনি ছিল সমালোচনার ঝড়ও। এখন অপেক্ষা তার উত্তরসূরীর ঘোষণার।
২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর ক্যাবরেরা শুরুতেই নজর কাড়েন। তার অধীনেই বাংলাদেশ ২০০৯ সালের পর প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছায়। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কৌশল, দল নির্বাচন ও খেলার ধরন নিয়ে প্রশ্নও উঠতে থাকে। সমালোচনার মুখে পড়লেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাকে পূর্ণ মেয়াদ শেষ করার সুযোগ দেয়।
বিদায়ের আগে সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে দেওয়া বার্তায় ক্যাবরেরা নিজের সময়টাকে “অবিস্মরণীয়” বলে উল্লেখ করেছেন। চার বছর চার মাসের এই যাত্রাকে তিনি বাংলাদেশের জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ কোচিং অধ্যায় হিসেবে তুলে ধরেন।
নিজের সময়ে দলের মানসিকতা বদলের কথাও উল্লেখ করেন এই স্প্যানিশ কোচ। তার দাবি,
“কয়েকশ দর্শকের সামনে খেলা থেকে শুরু করে পূর্ণ গ্যালারির ম্যাচ—সব মিলিয়ে দল নতুন অভিজ্ঞতা অর্জন করেছে। একই সঙ্গে তিনি কয়েকটি অর্জনের কথাও স্মরণ করেন—১৪ বছর পর সাফের সেমিফাইনাল, ২২ বছর পর ভারতের বিপক্ষে জয় এবং ২০১৬ সালের পর ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি।”
ভবিষ্যৎ নিয়েও আশাবাদী ক্যাবরেরা। তার মতে,
“এই সময়ে ২১ জন অনূর্ধ্ব-২৩ ফুটবলারের অভিষেক ঘটানো হয়েছে, যা বাংলাদেশকে এশিয়ার অন্যতম তরুণ দল হিসেবে গড়ে তুলতে সহায়তা করেছে। এই ভিত্তির ওপর দাঁড়িয়ে আগামী দিনে আরও ভালো কিছু সম্ভব বলেই বিশ্বাস তার।”
ক্যাবরেরার অধীনে বাংলাদেশ ৩৯ ম্যাচ খেলে জিতেছে ১০টি। সংখ্যাটা খুব বড় না হলেও প্রক্রিয়াগত কিছু পরিবর্তনের দাবি রেখে বিদায় নিয়েছেন তিনি।
এদিকে, জাতীয় দলের নতুন কোচের নাম চূড়ান্ত হওয়ার কথা শুক্রবার। নতুন অধ্যায়ে বাংলাদেশের ফুটবল কতটা এগোয়, এখন সেটিই দেখার অপেক্ষা।




