সাফ নারী চ্যাম্পিয়নশিপ সামনে রেখে থাইল্যান্ডে চলছে বাংলাদেশ নারী ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প। আজ তৃতীয় অনুশীলন সেশনে মাঠে নেমে মিডফিল্ডার ও ডিফেন্ডারদের পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন কোচিং স্টাফ। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে প্রায় দেড় ঘণ্টার সেশনে ফিনিশিং ড্রিল ও সেট-পিস নিয়েও কাজ করেছে দল।

অনুশীলন শেষে প্রশিক্ষণ মাঠের পাশেই আইস বাথ রিকভারি সেশন করেন আফঈদা খন্দকাররা। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল জানিয়েছেন, “দলের সবাই সুস্থ আছেন এবং এখন পর্যন্ত কোনো ইনজুরির খবর নেই।”

তিনি বলেন,‘দলের সার্বিক অবস্থা অনেক ভালো। কোনো ইনজুরি আপডেট নেই। আজকের সেশনে ডিফেন্ডার ও মিডফিল্ডারদের নিয়ে কাজ করেছি। তাদের মধ্যে যে বোঝাপড়া দরকার, সেটা নিয়েই মেয়েদের শেখানো হয়েছে।’

বাংলাদেশ দলের প্রথম ক্লোজড-ডোর প্রস্তুতি ম্যাচটি আজ থাইল্যান্ড নারী লিগের ক্লাব কাসেমবন্ডিত এফসির বিপক্ষে হওয়ার কথা ছিল। তবে হেড কোচ পিটার বাটলারের সিদ্ধান্তে ম্যাচটি একদিন পিছিয়ে আগামীকাল আয়োজন করা হবে।

এ প্রসঙ্গে উজ্জ্বল বলেন,‘আগামীকাল একটা প্রস্তুতিমূলক ম্যাচ খেলব। এই ম্যাচটি আমাদের জন্য খুবই সহায়ক হবে। আমরা যে ধরনের ফুটবল খেলতে চাই, নতুন যারা দলে এসেছে তাদের ভূমিকা কী হবে, সেটাও দেখা দরকার। সাফে এগুলো আমাদের কাজে দেবে।’

থাইল্যান্ড ক্যাম্পে ১৩ মে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২১ মে সেখান থেকে সরাসরি ভারতের গোয়ায় যাবে দল। সেখানে ছয় দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের সিনিয়র নারী সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত ও মালদ্বীপ। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ মে।

Previous articleআরামবাগকে হারিয়ে পঞ্চম স্থানে মোহামেডান
Next articleবিশ্বকাপ ও অডিট জটিলতায় পিছিয়ে গেল বাফুফের এজিএম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here