অডিট রিপোর্ট প্রস্তুত না হওয়া, ঈদুল আজহার ব্যস্ততা এবং জুনে বিশ্বকাপ উপলক্ষে কর্মকর্তাদের বিদেশ সফরের সম্ভাবনা বিবেচনায় বাফুফের বার্ষিক সাধারণ সভা (এজিএম) পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ ফেডারেশনের নির্বাহী কমিটির অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

আগামী ২২ মে বাফুফের বার্ষিক সাধারণ সভা আয়োজনের পরিকল্পনা ছিল। এ উপলক্ষে অধিভুক্ত সংস্থাগুলোর কাছে প্রতিনিধি মনোনয়নের চিঠিও পাঠানো হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় শেষ পর্যন্ত এজিএম স্থগিত করা হয়েছে।

বাফুফে সূত্রে জানা গেছে, এজিএম আয়োজনের অন্যতম প্রধান শর্ত ২০২৫ সালের অডিট রিপোর্ট এখনো প্রস্তুত হয়নি। রিপোর্ট তৈরি হওয়ার পর সেটি সংশ্লিষ্ট কমিটির পর্যালোচনার জন্যও অতিরিক্ত সময় প্রয়োজন। ফলে মে মাসের মধ্যে সভা আয়োজন বাস্তবসম্মত নয় বলে মনে করছে ফেডারেশন।

এছাড়া ২৭ বা ২৮ মে ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে। ঈদের কয়েক দিন আগে দেশের বিভিন্ন জেলা থেকে আসা কাউন্সিলর ও প্রতিনিধিদের ঢাকায় এনে সভা আয়োজন করলে যাতায়াতে ভোগান্তির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ঈদকে ঘিরে ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততাও বিবেচনায় নিয়েছে বাফুফে।

জুন মাসজুড়ে ফুটবল বিশ্বকাপ থাকায় সেই সময়ও অনেকটা ব্যস্ত থাকবে দেশের ফুটবল অঙ্গন। ওই মাসে বাংলাদেশের দুটি আন্তর্জাতিক ম্যাচও রয়েছে। মালদ্বীপ ও সান মারিনোর বিপক্ষে খেলবে বাংলাদেশ। পাশাপাশি বিশ্বকাপ উপলক্ষে বাফুফে ও বিভিন্ন ক্লাবের অনেক কর্মকর্তার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো সফরের পরিকল্পনাও রয়েছে।

সবকিছু বিবেচনায় নিয়ে বিশ্বকাপের পর সুবিধাজনক সময়ে এজিএম আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। তবে ২২ মে এজিএম না হলেও, পরদিন এএফসি গ্রাসরুট ডে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পালিত হবে।

Previous articleথাইল্যান্ডে প্রস্তুতিতে ব্যস্ত নারী দল, মিডফিল্ড-ডিফেন্সের সমন্বয়ে জোর বাটলারদের
Next article১৫ মে’তেই নতুন কোচের ঘোষণা, সময় নিচ্ছে বাফুফে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here