র‌্যাংকিংয়ে অনেকটা পিছিয়ে থেকেও ভিয়েতনামের বিপক্ষে লড়াইয়ে কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছে বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত ৩-০ গোলের হার এড়ানো যায়নি, ম্যাচ শেষে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা মনে করছেন—দুই দলের পার্থক্য গড়ে দিয়েছে মূলত ফিনিশিং।

এশিয়া কাপ নিশ্চিত করা শক্তিশালী ভিয়েতনামের মাঠে খেলতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। প্রথমার্ধেই তিন গোল হজম করে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তার মতে, স্কোরলাইন যতটা বড় দেখাচ্ছে, খেলার ব্যবধান ততটা ছিল না।
ক্যাবরেরা বলেন,

‘সত্যি বলতে, আমি মনে করি আমরা তাদের খুব কাছাকাছিই ছিলাম। মূল পার্থক্যটা ছিল ফিনিশিংয়ে। তারা তাদের সুযোগগুলো কাজে লাগিয়েছে, আর আমরা পারিনি। আমাদেরও গোল করার সুযোগ ছিল, কিন্তু শেষ কাজটা করতে না পারায় আমরা পিছিয়ে পড়েছি।’

বাংলাদেশ দলের পরিকল্পনা নিয়েও সন্তুষ্ট কোচ। তার ভাষ্য,

‘আমাদের পরিকল্পনা অনুযায়ীই সব হয়েছে। হাই প্রেস, গোল কিক, ডিফেন্সিভ ব্লক—সব জায়গায় আমরা ঠিকভাবে কাজ করেছি এবং সামনে এগোনোর পথও খুঁজে পেয়েছি।’

প্রথমার্ধে তিন গোল হজম করলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে বাংলাদেশ। এই অংশটিকেই ইতিবাচক হিসেবে দেখছেন ক্যাবরেরা।
তিনি বলেন,

‘আমাদের পারফরম্যান্স বিশেষ করে দ্বিতীয়ার্ধে খুবই ইতিবাচক ছিল। তবে এই মানের দলের বিপক্ষে ছোট ভুলেরও বড় মাশুল দিতে হয়। আমরা দুটি সেট পিস থেকে গোল হজম করেছি, আর তৃতীয় গোলটিও এড়ানো যেত।’

আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ভিয়েতনামের বিপক্ষে এই প্রীতি ম্যাচকে তাই গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছেন কোচ।ক্যাবরেরা বলেন,

‘এটি আমাদের জন্য একটি খুব ইতিবাচক পরীক্ষা ছিল। আমরা এখন কোন অবস্থানে আছি, তা বোঝার জন্য এই ম্যাচটি দারুণ সহায়ক। এখন আমাদের লক্ষ্য হবে ইতিবাচক দিকগুলো কাজে লাগিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের জন্য প্রস্তুত হওয়া।’

Previous articleপ্রথমার্ধেই ভাঙন, ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হার বাংলাদেশের
Next articleসিঙ্গাপুরে বাংলাদেশের শেষ লড়াই, লক্ষ্য জয় দিয়ে বাছাই শেষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here