এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচ সামনে রেখে সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নিয়মরক্ষার ম্যাচ হলেও র‌্যাংকিংয়ে উন্নতির আশায় জয়ই এখন জামাল-হামজাদের প্রধান লক্ষ্য।

এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। অ্যাওয়ে এই ম্যাচটি খেলতে আজ সকালে সিঙ্গাপুরে পৌঁছেছেন জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীরা। ভিয়েতনামের হ্যানয় থেকে সরাসরি সিঙ্গাপুরে গেছে দলটি।

এই বাছাইপর্বে নিজেদের একমাত্র হোম ম্যাচে ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ১-২ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার সেই হার পুষিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ৩১ মার্চের ম্যাচ দিয়েই শেষ হবে বাংলাদেশের এবারের এশিয়ান কাপ বাছাই মিশন।

যদিও সিঙ্গাপুর ইতোমধ্যেই এশিয়া কাপের মূল পর্ব নিশ্চিত করেছে, তবুও ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বহীন নয়। শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে পারলে ফিফা র‌্যাংকিংয়ে ইতিবাচক প্রভাব পড়বে। জয় পেলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে ৮। একই দিনে গ্রুপের অন্য ম্যাচে ভারত হংকংকে হারালে বাংলাদেশ ও হংকং সমান ৮ পয়েন্টে শেষ করতে পারে বাছাইপর্ব।

সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ গতকাল ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে। র‌্যাংকিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনাম প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে আর কোনো গোল হজম করেনি বাংলাদেশ।
গতকাল রাতেই ম্যাচ খেলে আজ সকালে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয় দলটি। সেখানে তিন দিন অনুশীলনের পর গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামবেন জামালরা।

Previous articleভিয়েতনামের কাছে ৩-০ হার, তবুও ‘সমানে সমান লড়াই’ দেখছেন কোচ ক্যাবরেরা
Next articleএশিয়ান কাপের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, জর্ডানকে হারিয়ে প্রস্তুতি শেষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here