এশিয়ান কাপে প্রথম জয়, কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ, সঙ্গে অলিম্পিক ও বিশ্বকাপ বাছাইয়ের সম্ভাবনা—সব মিলিয়ে বাংলাদেশের সামনে এখন বড় এক মঞ্চ। পার্থে উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচকে ঘিরে তাই বাড়ছে উত্তেজনা। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগেও বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফিদা খন্দকার বেশ স্বাভাবিক ও আত্মবিশ্বাসী ভঙ্গিতেই কথা বললেন সংবাদ সম্মেলনে।

পার্থে ভোরের আলো ফোটার পর থেকেই রোদের তীব্রতা শুরু। পার্থ র‌্যাকটেঙ্গুলার স্টেডিয়ামে নারী এশিয়ান কাপে বাংলাদেশ ও উজবেকিস্তানের ম্যাচ ঘিরেও তেমনই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কারণ এই ম্যাচে যে দল জিতবে, তাদের সামনে খুলে যাবে কোয়ার্টার ফাইনালের পথ। সেই সঙ্গে তৈরি হতে পারে ২০২৮ অলিম্পিক বাছাই ও ২০২৭ ব্রাজিল বিশ্বকাপে খেলার সম্ভাবনাও।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন পার্থ স্টেডিয়ামের প্রেস কনফারেন্স কক্ষে কোচ পিটার বাটলারের সঙ্গে হাসিমুখেই হাজির হন বাংলাদেশের অধিনায়ক আফিদা খন্দকার। মাঠে যেমন দৃঢ়ভাবে দলকে নেতৃত্ব দেন, সংবাদ সম্মেলনেও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সংক্ষিপ্ত ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে।

বাংলাদেশ পুরুষ ফুটবল দল সর্বশেষ ১৯৮০ সালে এশিয়া কাপে খেলেছিল। সেই আসরে কোনো ম্যাচ জিততে পারেনি তারা। এরপর গত ৪৬ বছরে আর কখনও এশিয়ার শীর্ষ পর্যায়ের এই টুর্নামেন্টে খেলার সুযোগ পায়নি পুরুষ দল। অন্যদিকে ২০২৬ সালে প্রথমবারের মতো এশিয়ান কাপের মঞ্চে খেলছে বাংলাদেশ নারী দল।

গ্রুপপর্বে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটি তাই বাংলাদেশের জন্য ইতিহাস গড়ার সুযোগ হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচে জয় পেলে এশিয়ান কাপে প্রথম জয়ের স্বাদ পাওয়ার পাশাপাশি কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনাও তৈরি হবে।

অধিনায়ক আফিদা খন্দকার বললেন,

‘কাল আমাদের গ্রুপের শেষ ম্যাচ। এই ম্যাচে আমরা সবাই চেষ্টা করব আমাদের সেরাটা দেওয়ার। আমাদের এখানে হারানোর কিছু নেই। আমরা প্রথমবার কোয়ালিফাই করেছি, দেশের প্রতিনিধিত্ব করছি—এটাই আমাদের জন্য অনেক গর্বের।’

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের মতো সংক্ষিপ্ত উত্তরের অভ্যাস কি তিনি অনুসরণ করেন? উত্তরে আফিদা বলেন,

‘আসলে ওভাবে আমি ফলো করি না। মোস্তাফিজুর ভাই যে অবস্থানে আছেন, উনি উনার জায়গায় সেরা। আমি উনাকে ফলো করি না। তবে আমি ক্রিকেট খুব একটা দেখি না। আমার মনে হয় কথার চেয়ে কাজ আগে করা ভালো। কথা বলতে গেলে অনেক কিছু বলা যায়, কিন্তু কাজ সব সময় করা সম্ভব হয় না। তাই কাজ করে দেখাতে পারলে কথা না বললেও চলে।’

বাংলাদেশ এশিয়া কাপে এসেছে ৫৫ নম্বর র‌্যাংকিংধারী মিয়ানমারকে তাদের মাঠে হারিয়ে। অন্যদিকে উজবেকিস্তানের র‌্যাংকিং এখন ৪৯। এশিয়ান কাপ বাছাইয়ে নেপালের সঙ্গে ড্র করার পর টাইব্রেকারে জিতে তারা মূল পর্বে জায়গা করে নেয়।

উজবেকিস্তানের শক্তি সম্পর্কে বাটলার বলেন,

‘আমি মনে করি এটি খুব ভালো একটি পর্যবেক্ষণ। উজবেকিস্তান খুবই শক্তিশালী এবং সামর্থ্যবান অ্যাথলেট আছে। তাদের খেলার একটি নির্দিষ্ট ধরন আছে। তবে আমাদের কারিগরি দক্ষতা ও বল দখলে রাখার ক্ষমতা তাদের সমস্যায় ফেলতে পারে। আমাদের সাহসী ও নির্ভীক হতে হবে।’

এই ম্যাচ জিতলে বাংলাদেশের সামনে বড় সম্ভাবনা তৈরি হবে। তবে সেটিকে বাড়তি চাপ হিসেবে দেখছেন না বাটলার। তার ভাষায়,

‘আমি মনে করি আমরা যেভাবে খেলার চেষ্টা করছি, সে বিষয়ে আমাদের ইতিবাচক থাকতে হবে। মেয়েরা ভুল করবে ঠিকই, কিন্তু তারা নতুন কিছু করার চেষ্টা করবে—যতক্ষণ তারা গেম প্ল্যান অনুযায়ী খেলছে এবং আমাদের কাজের ধরন মেনে চলছে।’

গ্রুপপর্বে বাংলাদেশ দুই ম্যাচে হজম করেছে ৭ গোল, উজবেকিস্তান ৬। তাই ম্যাচটি কঠিন হবে বলেই মনে করছেন বাংলাদেশ কোচ।তিনি বলেন,

‘তারা কীভাবে খেলবে তার ওপর নির্ভর করবে ম্যাচের ধরণ। তারা কি রক্ষণাত্মক খেলবে, নাকি আমাদের ওপর চাপ সৃষ্টি করবে? আমরা জানি আমাদের কী করতে হবে এবং আশা করি প্রস্তুতির মাধ্যমে ভালো মান বজায় রাখতে পারব।’

নভেম্বরে ঢাকায় আজারবাইজানের বিপক্ষে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। র‌্যাংকিং, খেলার ধরন ও খেলোয়াড়দের গড়নে উজবেকিস্তানের সঙ্গে সেই দলের কিছু মিল রয়েছে। ওই ম্যাচ আগামীকালের জন্য সহায়ক হতে পারে বলেও মনে করেন বাটলার।
তিনি বলেন,

‘আমার মনে হয় ম্যাচটা অনেকটা ইঁদুর-বিড়াল খেলার মতো হবে। আমরা যেভাবে খেলি, তাতে তারা হয়তো কিছুটা সতর্ক থাকবে। আমরা এমন দল নই যারা রক্ষণভাগ আগলে বসে থাকে, এটা আমাদের স্টাইল নয়।’

সাধারণত বাটলারের সংবাদ সম্মেলনে তীর্যক মন্তব্য কিংবা দার্শনিক বিশ্লেষণ শোনা যায়। তবে বাংলাদেশের ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এবার যেন ভিন্ন এক বাটলারকে দেখা গেল। খুব সাধারণ ও সংক্ষিপ্ত মন্তব্যেই সংবাদ সম্মেলন শেষ করেছেন তিনি।

Previous articleসাফ অনূর্ধ্ব-২০ শুরুর আগেই কোচ নিয়ে ধোঁয়াশা, কক্স না ছোটন কে থাকবেন ডাগআউটে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here