এনরিকের লাল কার্ড ও বিদেশি বদলি বিতর্কে দীর্ঘ সময় বন্ধ ছিল ম্যাচ, সুযোগ কাজে লাগিয়ে শিরোপা দৌড়ে ব্যবধান কমাল আবাহনী।
পাওলো এনরিকের দ্বিতীয় হলুদ কার্ডকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে প্রায় সোয়া ঘণ্টা বন্ধ ছিল ম্যাচ। পরে বিদেশি বদলি নামানো নিয়ে দুই দলের তর্ক-বিতর্কে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। নাটকীয় সব ঘটনার ম্যাচে শেষ পর্যন্ত পুলিশ এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বসুন্ধরা কিংস। এই ড্রয়ে বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা লড়াইয়ে নতুন উত্তেজনা তৈরি হয়েছে।
শুক্রবার কিংস অ্যারেনায় শুরু থেকেই স্বাগতিকদের কঠিন চ্যালেঞ্জ জানায় পুলিশ এফসি। দ্বিতীয় মিনিটেই রাকিব হোসেনের শট গ্লাভস ছুঁয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক মোহাম্মদ আসিফ।

প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরি করেও গোল পাচ্ছিল না কিংস। ৩৩তম মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের জোরালো শট ঠেকান পুলিশ গোলরক্ষক। ফিরতি বলে রাকিব হোসেন লক্ষ্যে রাখতে পারেননি শট।
তবে ৩৫তম মিনিটে আর ভুল হয়নি। রাকিবের ক্রসে ছোট বক্সের ভেতর দারুণ হেডে বসুন্ধরা কিংসকে এগিয়ে দেন দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে পুলিশ এফসি। ৫৩তম মিনিটে সমতায় ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পাওলো এনরিক। জটলার মধ্যে সতীর্থের হেড পাস পেয়ে সাইড ভলিতে জাল কাঁপান তিনি। গোলের পর জার্সি খুলে উদযাপন করায় হলুদ কার্ডও দেখেন এই ফরোয়ার্ড।

ম্যাচের মোড় ঘুরে যায় ৬৩তম মিনিটে। ফাহিমকে ধাক্কা দেওয়ায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এনরিক। এরপরই শুরু হয় বিতর্ক। একজন স্থানীয় খেলোয়াড়কে তুলে বিদেশি ফুটবলার দানিলো কুইপাকে নামায় পুলিশ এফসি। এতে আপত্তি জানান কিংস অধিনায়ক তপু বর্মণ।
বাইলজ অনুযায়ী বিদেশি খেলোয়াড়ের বদলি বিদেশিকেই হতে হয়। তবে পুলিশ এফসি দাবি করে, আগের এক ম্যাচে একই ধরনের বদলির অনুমতি দেওয়া হয়েছিল। সেই যুক্তিতে দীর্ঘ সময় চলে আলোচনা। ম্যাচ কমিশনার ও রেফারিরা আগের ভুলের পুনরাবৃত্তি করতে না চাওয়ায় খেলা বন্ধ থাকে এক ঘণ্টা ১২ মিনিট।

দীর্ঘ বিরতির পর ম্যাচ পুনরায় শুরু হলে অতিরিক্ত সময় যোগ করা হয় ২৭ মিনিট। ১৪৪তম মিনিটে ফাহিমের কর্নার থেকে তপু বর্মণের হেড ক্রসবারে লেগে ফিরে আসে।
এরপর ১৫৪তম মিনিটে ইসমাইল হোসেনকে বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন রিমন হোসেন। ফলে শেষ দিকে ১০ জনের দলে পরিণত হয় বসুন্ধরা কিংসও।
বাকি সময়ে আর গোল না হওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। ১৬ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আবাহনী লিমিটেড।




